বরিশাল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় দায়ে বরিশালে সাত জেলেকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব এই দণ্ড দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলার মৃত মোজাহার মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি (৩৫), রুস্তম বারির ছেলে সাইফুল ইসলাম (২৫), আবদুস ছাত্তারের ছেলে মোহাম্মদ হোসেন (২৫), শহীদ সিকদারের ছেলে সবুজ সিকদার (২২), কাঞ্চন আলীর ছেলে জুয়েল বেপারী ( ২২) এবং হিজলা উপজেলার ইদ্রিস মোল্লার ছেলে সাইফুল মোল্লা (১৮) ও আবুল হোসেনের ছেলে মনির হোসেন (১৮)।
আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে মোট ১১ দিন সময়কে প্রজনন মৌসুম ধরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, খবর পেয়ে হিজলা অংশের মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইলিশ শিকাররত অবস্থায় সাত জেলেকে আটকের পর তাৎক্ষণিক ওই দণ্ড দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৪১ ঘ.
bdnews24