২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ-পার্ক-রাস্তায় পশুর হাট নয়:বাপা

ঢাকার বিভিন্ন খেলার মাঠ, পার্ক ও সড়কে কুরবানির পশুর হাট না বসাতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিভিন্ন খেলার মাঠ, পার্ক ও সড়কে কুরবানির পশুর হাট না বসাতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপার উদ্যোগে শনিবার আয়োজিত এক নাগরিক সংলাপে এ আহ্বান জানানো হয়। সংলাপে ঢাকাবাসীর জন্য হাটের সংখ্যা আরো বাড়ানোরও প্রস্তাব করা হয়। রাজধানীর পল্টনে মুক্তি ভবনে শনিবার সকালে 'খেলার মাঠ, পার্ক ও রাস্তাঘাট পশুরহাট মুক্ত রাখুন' শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়। বাপার সহ-সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এএসএম শাহজাহান এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে ঢাকার লালবাগ এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন অভিযোগ করেন, ঢাকা শহরে পশুর হাট বসানোর আগে মেয়র কোনো সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন না। "ফলে কোনো কোনো এলাকায় একাধিক হাট বসলেও কোনো এলাকায় হাটই বসানো হয় না। এ কারণে ঢাকায় ডিসিসির অনুমোদিত হাটের বাইরেও অবৈধ হাট বসে। এটা বন্ধে প্রতিটি থানায় অন্তত একটি পশুরহাট বসানো উচিৎ'" বলেন তিনি। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, কুরবানির পশুর বর্জ্য অপসারণে ডিসিসি ও প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকতে হবে। সবাই একযোগে কাজ না করলে ঢাকা শহরকে ওই সময়ে বাসযোগ্য রাখা যাবে না। কুরবানির পশুর অবৈধ হাট স্থাপন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সব সময়ই ক্ষমতাসীন দলের লোকেরা এ কাজটি করে। এদের তৎপরতা বন্ধে ক্ষমতাসীনদেরই পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে হাটে এবং পরিবহনের সময় পথে চাঁদাবাজিও বন্ধ করতে হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম মাজেদ পশু কুরবানির পরিসংখ্যান তুলে ধরে বলেন, শুধু ঢাকা শহরে বর্তমানে প্রায় এক কোটি লোক বাস করে। এ হিসেবে ২০ লাখ পরিবার রয়েছে এ শহরে। এর মধ্যে অর্ধেক মানুষ অর্থাৎ ১০ লাখ পরিবার ঢাকার বাইরে কুরবানি দেয়। বাকি ১০ লাখ পরিবারের অর্ধেক কুরবানি দিতে পারে না। বাকি পাঁচ লাখ ঢাকায় কুরবানি দেয়। তিনি কুরবানির হাট থেকে পাওয়া সরকারি রাজস্বের একটি অংশ পশুর হাট হিসেবে ব্যবহৃত খেলার মাঠ, পার্ক বা রাস্তাঘাটের উন্নয়নে ব্যয় করতেও ডিসিসিকে পরামর্শ দেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল বলেন, ঈদের সময় আমাদের সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এ সময় যে কোনো প্রকার অনিয়মের ক্ষেত্রে পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে। ডিসিসির পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ বলেন, ঢাকা শহরে কেন্দ্রীয়ভাবে দুটি জবাইখানা স্থাপনে ডিসিসি উদ্যোগ নিয়েছে। তবে এটি বাস্তবায়নে আরো সময় লাগবে। ঢাকা শহরে ডিসিসি ১৫ থেকে ১৬টি হাটের ইজারা দেয়। এছাড়াও গত বছর নয়টি স্থানে অবৈধ হাট বসেছে। এসব স্থানে পশুর বর্জ্যসহ কোরবানির পরে বর্জ্য অপসারণে ডিসিসি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ১০০টি অত্যাধুনিক বজ্য অপসারণকারী গাড়ি আমদানি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৫৫ ঘ.