বরিশাল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে বরযাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে তিন জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বানারীপাড়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বানারীপাড়া থানার ওসি আব্দুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ যাত্রীদের সন্ধান পাওয়া যায়নি।
ডুবে যাওয়া ট্রলারের চালক খলিল (৬৮) সাংবাদিকদের জানান, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার হিদেল কাঠী হালদার বাড়ি থেকে বরযাত্রী নিয়ে এম এল কলা ভিটা নামে লঞ্চটি উজিরপুরের মাদারশি ফিরছিলো। ফেরিঘাট এলাকায় নদীর মাঝখানে আউয়ার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়।
ট্রলারে থাকা নয় জন যাত্রীর মধ্যে ছয় জন সাঁতরে তীরে ওঠেন বলে খলিল জানান।
লঞ্চটি আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুর রব। বরযাত্রীদের অন্য আর একটি ট্রলার ভাড়া করে মাদারসি যাওয়ার ব্যবস্থা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০২ ঘ.
bdnews24