২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসর্জনে গিয়ে নিহত দুই

সিরাজগঞ্জে শাহজাদপুরের করতোয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

সিরাজগঞ্জ/সাতক্ষীরা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শাহজাদপুরের করতোয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে সাতক্ষীরায় নিখোঁজ রয়েছেন এক যুবক। নিহতরা হলেন- পৌর এলাকার মণিরামপুর গ্রামের বিনয় বসাকের ছেলে গৌতম বসাক (২৮) ও রামপদ সরকারের ছেলে সুমন বসাক (১৮)। সুমন ছাত্র আর গৌতম দোকান কর্মচারী। শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে করতোয়া নদীর থানার ঘাট এলাকার বিজয়া দশমীর দুর্গা প্রতিমা বিসর্জন শুরু হয়। সাড়ে ৭টার দিকে কলেজ মন্দির কমিটির প্রতিমা বিসর্জনের সময় নদীর স্রোতের টানে ভেসে যান। প্রায় একঘণ্টা তল্লাশির পর গৌতমকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মৃত অবস্থায় এবং সুমনকে গুরুতর অবস্থায় ঘটনাস্থলেই কাছ থেকেই উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যান বলে জানান ওসি। এ সংবাদ ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের শান্তনা দেন। এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাতক্ষীরা প্রতিনিধি জানান, প্রতিমা বিসর্জনের সময় জেলার দেবহাটা উপজেলার ইছামতি নদীতে এক যুবক নিখোঁজ হয়। নিখোঁজ বিশ্বজিৎ ঘোষ (২৪) সদর উপজেলার খগেন ঘোষের ছেলে। দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, সন্ধ্যার একটু পর পরই উপজেলার টাউন শ্রীপুর এলাকায় ভারত ও বাংলাদেশ দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের পর বিশ্বজিৎ নিখোঁজ হন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে ইছামতিতে দুই বাংলার মানুষের মিলনমেলা বসে। বিশ্বজিৎ সেখানেই গিয়েছিলো। রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বজিৎকে উদ্ধার করা যায়নি বলে জানান উপজেলা চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২২১৫ ঘ.