ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা দেশে ফিরলে আইন অনুযায়ী আপিলসহ অন্যান্য প্রক্রিয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুুধবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের এক সভার পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর থেকে বিভিন্ন সংগঠন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে আসছে।
এ ব্যাপারে শফিক আহমেদ বলেন, আসামিদের দেশে ফিরিয়ে এনে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে- এমন ভাবার কারণ নেই।
"আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে ফিরে আসলে আপিল, রিভিউ এবং সর্বশেষ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
এই মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের ফাঁসি গত বছর ২৮ জানুয়ারি কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদও বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
কানাডায় পালিয়ে থাকা আসামি নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা এম এ রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, "আসামিদের অবস্থানকারী দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় আসামিদের ফিরিয়ে আনারা ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বিদেশে পালিয়ে থাকা বাকি চার আসামির অবস্থান সনাক্ত করা যাচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, "তারা অবস্থান পরিবর্তন করায় সনাক্ত করা যাচ্ছে না।"
ভারতে কোনো আসামি পালিয়ে আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারতে যদি কোনো আসামি পালিয়ে থাকে, আর তার অবস্থান যদি সনাক্ত করা যায় তাহলে অবশ্যই ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
ভারত বাংলাদেশের 'বন্ধুপ্রতীম দেশ' হওয়ায় এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, স্বরাষ্ট্র সচিব মনজুর হোসন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম টাস্কফোর্সের সভায় উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশে ও বিদেশের পত্র-পত্রিকায় এসেছে- গত ১০ বছরের তুলনায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।"
"তারপরও কেউ গুম হয়েছে বা অন্যায়ভাবে ক্রসফায়ারের শিকার হয়েছে অভিযোগ পেলে পুলিশ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবে," যোগ করেন সাহারা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৮৫৫ ঘ.
bdnews24