২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃত্বকালীন ভাতার প্রশংসায় রুশনারা

বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং মাতৃত্বকালীন ভাতা কার্যক্রমের প্রশংসা করেছেন বাঙ্গালি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং মাতৃত্বকালীন ভাতা কার্যক্রমের প্রশংসা করেছেন বাঙ্গালি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী। মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, মাতৃত্বকালীন ভাতা একটি প্রশংসনীয় উদ্যোগ। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত ব্রিটিশ এমপি বাংলাদেশে যুক্তরাজ্যের সাহায্য সংস্থা ডিএফআইডির কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীর মতামত জানতে চান। বাংলাদেশের নারী নীতিতে সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার রাখা হয়েছে কি না- তাও জানতে চান রুশনারা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ নীতিতে অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও বিচার পাওয়ার ক্ষেত্রে নারীর অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করা হবে। বিভিন্ন নারী অধিকার সংগঠন সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারী-পুরষের সমান অধিকারের বিষয়টি নারী নীতিতে উল্লেখ করার দাবি জানিয়ে আসছিল। অন্যদিকে কয়েকটি ইসলামী সংগঠন এই নীতির বিরুদ্ধে হরতালও করে। শেষ পর্যন্ত উত্তরাধিকারের বিষয়টি উল্লেখ না করেই চলতি বছর এই নীতি অনুমোদন করে মন্ত্রিপরিষদ। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম ও কেয়ারের আমন্ত্রণে ৭ দিনের সফরে গত রোববার ঢাকা আসেন ব্রিটেনের লেবার পার্টির নেতা রুশনারা আলী। ২০১০ সালের নির্বাচনে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকা থেকে তিনি এমপি নির্বাচিত হন। এর আগে ২০১০ সালের নভেম্বরেও একবার ঢাকা এসেছিলেন রুশনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০০০২ ঘ.