ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের আইনজীবী নাজির হায়াত খানের হত্যাকারীদের নাম প্রকাশ না করলেও পুলিশ বলছে, ওই আইনজীবীর উচ্ছৃঙ্খল জীবন যাপনের বিভিন্ন তথ্য-প্রমাণ পেয়েছে তারা।
সোমবার সন্ধ্যায় ধানমণ্ডির একটি বাড়ি থেকে নাজিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হায়াত খানের স্ত্রী সানজিদা খান একটি মামলা করলেও তাতে আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।
ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রায় সব কিছুই সনাক্ত করতে পেরেছেন। দু'একদিনের মধ্যে সেসব প্রকাশ করা হবে।
ওসি বলেন, "হায়াত খানের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে তার স্ত্রী গত জুন মাস থেকে রাগ করে লালমাটিয়ায় বোনের বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হতো তার। স্ত্রী মাঝেমাঝে খাবারও পাঠাতেন।"
সানজিদা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ফোনে খাবার পাঠাতে বললে তিনি গাড়ি চালক সোহেলকে দিয়ে স্বামীর কাছে খাবার পাঠান।
"তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রোববার ফোন করলে বন্ধ পাই। সোমবার ফোন করেও পাইনি। তারপর সন্দেহ হওয়ায় থানায় যাই," যোগ করেন তিনি।
ওসি মনিরুজ্জামান জানান, ফ্ল্যাটবাড়ির রেজিস্ট্রার খাতা পরীক্ষা করে তারা দেখতে পেয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর যাতায়াত ছিল নাজির হায়াত খানের বাড়িতে।
"তবে শুক্রবারের পর ওই বাসায় আর কোনো দর্শনার্থী যায়নি।"
"তিনি যে নানা সময়ে আনন্দফুর্তি করতেন- তার প্রমাণ আমারা পেয়েছি," যোগ করেন ওসি।
সানজিদা খান বলেন, "যে কারণে আমি চলে গিয়েছিলাম, তার কোনো পরিবর্তন কখনো দেখিনি। যেসব মেয়ে বাসায় আসতো, তারাই হয়তো কোনো কারণে তাকে খুন করেছে।"
নিহত নাজিরের মেয়ে রোমানা হায়াত ও ছেলে জাকির খান দীর্ঘদিন ধরে নরওয়ে ও আমেরিকায় বসবাস করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24