ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসের মধ্যে অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেবে সরকার। আর তা হবে নির্ধারিত চাকরির বেতনের তিন মাসের অর্থের সমান বা তার কম।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান বলেন, "জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।"
তার মতে, ভিসা কেনা-বেচার কারণে বর্তমানে অভিবাসন ব্যয় বেশি হচ্ছে। অভিবাসীদের থেকে প্রকৃত ব্যয়ের দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত অর্থ নেওয়া হচ্ছে।
প্রতিবেশি দেশগুলোর ব্যয় পর্যালোচনা করে এ অভিবাসন ব্যয় নির্ধারণ করা হবে বলেও জানান সচিব জাফর আহমেদ।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শেষে রাজধানীর হোটেল রূপসী বাংলায় মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড ও বাংলাদেশ যৌথভাবে 'কর্মী নিয়োগকারী ও প্রেরণকারী দেশগুলো মধ্যে আলোচনার মাধ্যমে অভিবাসন ব্যয় কমানো এবং মডেল চুক্তিপত্র প্রস্তুত' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
জনশক্তি রপ্তানিকারক 'কলম্বো প্রসেসভুক্ত' ১১টিসহ ২৭টি দেশ ও ১৭টি আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার ৫০জন প্রতিনিধি অংশ নেয়।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিলো কলম্বো প্রসেসের সদস্য ১১টি দেশসহ সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, বাহরাইন, কাতার ও কুয়েত এবং পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা।
এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা আইওএম, আইএলও, ইউএনএইচসিআর, এডিবি ও ওয়ার্ল্ড ব্যাংক এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডব্লিউএআরবিই, বিএমডিএফ, ব্র্যাক, সিএআরএএম এশিয়া, আইএমএ ফাউন্ডেশন, রামরু, বায়রা ও জিএফএমডি সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও যোগ দেন।
দুইদিনের কর্মশালায় বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), সরকারি প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পক্ষ থেকে আটটি এবং জনশক্তি গ্রহণ ও প্রেরণকারী দেশগুলোর পক্ষ থেকে সাতটি সুপারিশ উপস্থাপন করা হয়।
এসব সুপারিশ আগামী ১ ও ২ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি সুইজারল্যান্ড) জিএফএমডি সম্মেলনে উত্থাপন করা হবে।
সংস্থার সুপারিশগুলোর মধ্যে রয়েছে- কর্মী নিয়োগে ভিসা কেনা-বেচা বন্ধ; অভিবাসন ব্যয়ে আর্থিক মূল্যের সঙ্গে সামাজিক ব্যয় সংযোজন; চাহিদা ও সরবরাহে সামঞ্জস্যতা গড়ে তোলা; ব্যাপক সচেতনতা সৃষ্টি; নিয়োগকারী ও প্রেরণকারী দেশগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন ও চুক্তি; জনশক্তি রপ্তানিকারক ও আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অশুভ প্রতিযোগিতা বন্ধ করা।
নিয়োগকারী ও প্রেরণকারী দেশগুলোর সুপারিশের মধ্যে রয়েছে- চাকরির চুক্তিপত্রে বেতন, কল্যাণ ও স্বাস্থ্যসেবাসহ নিরাপত্তা নিশ্চিত করা; মধ্য-স্বত্ত্বভোগীদের আইনের আওতায় আনা; রিক্রুটিং এজেন্সির জন্য নৈতিক আচরণ বিধিমালা প্রণয়ন; প্রেরণকারী দেশগুলোতে বাংলাদেশের মতো সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে জাতীয় নীতিমালা প্রণয়ন করা।
জিএফএমডি সুইজারল্যান্ডের পক্ষে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর (হেড অব কো-অপারেশন) ডেরেক মুলার বলেন, অভিবাসন ব্যয় কমাতে কর্মী প্রেরণের আগে, বিদেশ থাকা অবস্থায় এবং ফিরে আসার পরের ব্যয়গুলো বিবেচনায় নিয়ে আলোচনা করা হয়েছে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, জনশক্তি গ্রহণকারী দেশগুলোতে কোন ব্যয় না থাকলে অভিবাসন ব্যয় সরকারের প্রত্যাশিত ব্যয়ের চেয়েও কম করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/২১৪০ ঘ.
bdnews24