সিলেট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরমা নদীতে মাছ ধরা নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকের ছয়টি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত হয়েছেন এক জন।
মঙ্গলবার সকালের এ সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। এছাড়া চার জন নিখোঁজ বলে স্থানীয়রা জানায়।
নিহত শহীদুল ইসলাম (৬০) ছাতকের কালরুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। নিখোঁজরা হলেন- কালারুকা গ্রামের তাজউদ্দিন, জালাল মিয়া, শঙ্করপুর গ্রামের জমসিদ আলী ও ইউসুফ আলী।
পারকুল এলাকায় সুরমা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছে পুলিশ।
ছাতক থানার ওসি শাহজালাল মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাতকের কালারুকা, শংকরপুর এবং কোম্পানীগঞ্জের পারকুল, কলাপাড়া, টিলাপাড়া ও পুটামারা গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এক জন নিহত ও অন্তত অর্ধশতাধিক লোক আহত হয় বলে জানান তিনি।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শাহজালাল জানান, সংঘর্ষের পর থেকে চার জন নিখোঁজ বলে স্থানীয়রা জানিয়েছে। তাদের অনুসন্ধানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে উভয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৭ ঘ.
bdnews24