ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
পুলিশ উত্তরা থেকে সাইফুল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
তার বুকে ও পিঠে দুটি গুলি লেগেছে বলে পুলিশ জানায়।
উত্তরা থানার ওসি রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪ নম্বর সেক্টরে বন্ধুর সঙ্গে রিকশায় চড়ে যাওয়ার পথে ৩/৪ যুবক একটি গাড়ি থেকে নেমে সাইফুলকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশের ধারণা, এটি ছিনতাই নয়। ওসি বলেন, "ছিনতাইকারী হলে অবশ্যই তাদের কাছে থাকা টাকা র্ছিনিয়ে নিতো।"
সাইফুলের বন্ধু আনোয়ার হোসেন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, "একটি প্রাইভেটকার থেকে ৩/৪ জন যুবক নেমে গুলি করে চোখের পলকে পালিয়ে যায়।"
সাইফুলের বাসা মতিঝিলে। তিনি ও আনোয়ার উত্তরায় তাদের আরেক বন্ধু সোহেলের বাসায় যাচ্ছিলেন।
সাইফুল কেমিক্যালের ব্যবসা করেন বলে আনোয়ার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩০৫ ঘ.
bdnews24