চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তিনদিন আগে চুরি যাওয়া ১৩৩ ভরি স্বর্ণালংকার ও ছয় লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি, উত্তর) আমেনা বেগমের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, নগরীর বক্সিরহাটের মাহবুবুল আলমের মালিকানাধীন 'খাজা জুয়েলার্স' থেকে শুক্রবার সকালে ওই দোকানের কর্মচারী রেজাউল করিম (১৬) এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে।
গয়না ও টাকা নিয়ে সাতকানিয়ার আজিমপুরে নিজের বাড়িতে চলে যায় করিম। তিনি ওই গ্রামের বদিউল আলমের ছেলে।
আমেনা বেগম বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, করিম কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত নয়।"
উপস্থিত সাংবাদিকদের করিম বলেন, "দোকান মালিকের ছেলে আমাকে মারধর করতো। তাকে বিপদে ফেলার জন্য চুরি করেছি।"
দোকান মালিকের ফোন পেয়ে শনিবার নগরীতে ফিরে আসে করিম। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ চুরির বিষয়ে নিশ্চিত হয়। রোববার করিমের বাড়ি থেকে ব্যাগ ভর্তি গয়না ও টাকা উদ্ধার করে পুলিশ।
দোকান মালিক মাহবুবুল আলম বলেন, তিন মাস আগে মাসিক দেড় হাজার টাকা বেতনে করিমকে দোকান কর্মচারীর চাকরি দেন। এ ঘটনায় অন্য কর্মচারীদের সন্দেহ করলেও করিমকে মোটেই সন্দেহ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/২৩৫৬
bdnews24