ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে 'রাজাকার বাহিনীর সদস্য' দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারের পালা শুরু হলো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর সোমবার প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতে ইসলামীর নেতা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হলো। তার বিচার শুরুর দিন ঠিক হয়েছে আগামী ৩০ অক্টোবর।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে প্রসিকিউশন বিভাগ সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ এনেছিলো। তবে এর মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে অভিযোগ গঠন করেছে আদালত।
মুক্তিযুদ্ধের পটভূমি ও ইতিহাস তুলে ধরে সুনির্দিষ্ট ২০টি ঘটনার উল্লেখ করে আদালত বলে, প্রতিবেদন অনুযায়ী সাঈদী সে সময় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। তার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, হিন্দুদের জোর করে ধর্মান্তর করানো, লুটতরাজসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অপরাধ সংঘটিত হয় বরিশাল জেলার তৎকালীন পিরোজপুর মহকুমায়।
কাঠগাড়ায় দাঁড়ানো সাঈদী অবশ্য অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই 'মিথ্যা'।
সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বয়ান দিতে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থাকে লিখতে হয়েছে ৪ হাজার ৭৪ পৃষ্ঠা। ১৫টি খণ্ডে এই তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন তারা।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে সাঈদীকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়।
প্রসিকিউশন বিভাগের পক্ষে আদালতে ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জেয়াদ আল মালুম প্রমুখ।
সাঈদীর পক্ষে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম ও তানভির আহমেদ আল আমীন।
সাড়ে ১০টা থেকে আদালতে আসেন বিচারকরা। এর কয়েক মিনিট আগে সাঈদীকেও বিচারকক্ষে আনা হয়। আদালত প্রথমে একটি সংবাদ প্রকাশের জন্য নিউ এইজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমানার রুল জারি করেন।
সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় আদালত। তবে আবেদনটি নথিতে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এরপর আদালত সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া শুরু করে।
অভিযোগগুলো ইংরেজিতে পড়া হলে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম দাঁড়িয়ে তা বাংলায় পড়ার আবেদন করেন।
অভিযোগ বাংলায় পড়া শুরু করলে সাঈদী বলেন, "যা বলা হয়েছে, আমি বুঝেছি।"
এরপর আদালত কাঠগড়ায় দাঁড়ানো সাঈদীকে প্রশ্ন করে- বলুন, 'আপনি দোষী কি না?'
তখন সাঈদী বলেন, "আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই।"
এ পর্যায়ে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ নেই জানানো হরে তিনি কিছুক্ষণ বক্তব্য দেওয়ার সুযোগ চান আদালতের কাছে। অনুমতি পেয়ে প্রায় আট মিনিট বক্তব্য দেন এই জামায়াত নেতা।
সাঈদী বলেন, "আমার বিরুদ্ধে চার সহস্রাধিক পৃষ্ঠার একটি রচনা তৈরি করা হয়েছে। এর প্রতিটি লাইন মিথ্যা, প্রতিটি শব্দ মিথ্যা। এটি সব মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা।"
এরপর আদালত ২০টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করে এবং আগামী ৩০ অক্টোবর এ মামলার শুনানি শুরুর তারিখ দেয়। এরমধ্যে অভিযুক্ত এবং প্রসিকিউশন পক্ষকে তাদের সাক্ষীদের তালিকা জমা দিতে বলা হয়।
তবে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, "এ সময়ের মধ্যে আমাদের 'ডিফেন্স' প্রস্তুত করা সম্ভব না। সাঈদীকে গ্রেপ্তারের পর এক বছর তদন্ত করা হয়েছে। গ্রেপ্তারের আগে আরো ছয় মাস তদন্ত করা হয়েছে। মাত্র ২৭ দিনে এর ডিফেন্স প্রস্তুত করা সম্ভব নয়।"
তাজুল অভিযোগ গঠন পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের কথাও বলেন। আদালত পরবর্তী শুনানির তারিখে এ বিষয়টি উত্থাপন করতে বলেন তাকে।
অভিযোগ গঠনের পরে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এটাই অনেক বড় একটা খবর। আমরা এজন্য প্রতীক্ষায় ছিলাম।"
সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক চলে। এরপর ৩ অক্টোবর আদেশের দিন রাখে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/কেটি/কিউএইচ/এমআই/জেকে/২১১৪ ঘ.
bdnews24