২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শিক্ষক সেকেন্দার হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

খুলনা নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী মোল্লা হত্যা মামলায় তার মেয়ের জামাই মোমিনসহ মোড়লসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

খুলনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী মোল্লা হত্যা মামলায় তার মেয়ের জামাই মোমিনসহ মোড়লসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুজন হলেন- সাবেক সাংসদ এবং খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ শেখ আবুল হোসেনের বড় ছেলে নাহিদ রেজা বাবু (৩২) এবং লাবুলু হাওলাদার (৩০)। শনিবার গভীর রাতে তাদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর শহরের নিউমার্কেট এলাকায় জামাতা মোমিনকে নিয়ে বাজার করতে যান প্রধান শিক্ষক সেকেন্দার আলী। পরে সেখান থেকে কেউ একজন মোটর সাইকেলে করে তাকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে বটিয়াঘাটা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাঁধ এলাকা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলীমুজ্জামান সাংবাদিকদের জানান, "মোমিনকে শনিবার রাতে খুলনা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডে জড়িত থকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।" এই পুলিশ কর্মকর্তা জানান, মূলত ২৫ সেপ্টেম্বর নিউ মার্কেট এলাকা থেকে প্রধান শিক্ষককে কৌশলে অপহরণ করা হয়। পরে নিরালা মোড়ে সাবেক সাংসদ আবুল হোসেনের বাড়ির পাশে একটি মিষ্টির দোকানে নিয়ে সেকেন্দার আলীকে ৬টি ঘুমের ট্যাবলেট মেশানো রসমালাই খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যে তিনি সংজ্ঞা হারান। ওই অবস্থায় তাকে একটি ইজিবাইকে উঠিয়ে ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজারের কাছে আবুল কাশেম কলেজে নিয়ে যাওয়া হয়। "এরমধ্যে মোমিন বাজার থেকে রশি ও বস্তা কিনে নিয়ে যায় সেখানে। পরে চারজন মিলে প্রধান শিক্ষককে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে রাখে।" শহরের বাইতিপাড়া থেকে লাবলু হাওলাদার এবং নাহিদ রেজা বাবুকে নিরালা মোড়ের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। হত্যায় জড়িত আরো একজনকে ধরার চেষ্টা চলছে বলে এসআই আলীমুজ্জামান জানান। সেকেন্দার আলী নগরীর রায়েরমহল এলাকার বাসিন্দা। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়ে সেখানেই তিনি থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৮ ঘ.