২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্টুরেন্ট বয় থেকে গাড়ি ছিনতাইকারি

মিরপুরে এক রেস্টুরেন্টে বয়ের কাজ করতেন রাজু আহমেদ ওরফে জাকির (৩০)। এই হোটেলের মাধ্যমে পরিচয় হওয়া সাগর ও লিটনের হাত ধরে তিনি হয়ে যান গাড়ি ছিনতাইকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে এক রেস্টুরেন্টে বয়ের কাজ করতেন রাজু আহমেদ ওরফে জাকির (৩০)। এই হোটেলের মাধ্যমে পরিচয় হওয়া সাগর ও লিটনের হাত ধরে তিনি হয়ে যান গাড়ি ছিনতাইকারী। হত্যা, ছিনতাইসহ প্রায় অর্ধশত মামলার আসামি রাজুকে তার এক সহযোগীসহ শনিবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করে। এ নিয়ে তিনি চারবার গ্রেপ্তার হলেন। ১০ বছর ধরে এই পেশায় জড়িত রাজু তার দীর্ঘদিনের সহকর্মী সাগর-লিটনকে বাদ দিয়ে এখন গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। গোয়েন্দা পুলিশ রীতিমতো কমাণ্ডো স্টাইলে দক্ষিণখান থানার কসাইবাড়ি রেল ক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করে। উদ্ধার করে চাপাতি, চাকু, ইয়াবা, জাল টাকা এবং একটি প্রাইভেট কার। যেভাবে রাজুকে ধরা হয় গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শহিদুল্লাহ রোববার দুপুরে তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিবেদককে বলেন, "স¤প্রতি রাজু জামিনে বের হয়ে এসে গাড়ি চুরি- ছিনতাই করছে এমন খবর পাওয়ার পর সোর্স নিয়োগ করা হয়।" প্রায় চারদিন ধরে কাজ করার পর এই সোর্স শনিবার দুপুরে নিশ্চিত করে রাজু রাজধানীর দক্ষিণখান এলাকায় রয়েছেন। "বিকালে সোর্স জানায় দক্ষিনখান কসাইবাড়ি রেল ক্রসিং দিয়ে একটি সিলভার রংয়ের প্রাইভেট কারে করে রাজু উত্তরার দিকে যাচ্ছে। এসময় আমরা রেলক্রসিংয়ের বিপরীত দিকে ছিলাম। রেলক্রসিং পার হতে গিয়ে দুই দিকেই ট্রেনের কারণে বার পড়ে যায়। এতে আমরা আটকা পড়ি।" এরপর তারা ক্রসিং পার হয়ে অস্ত্র তাক করে পুরো গাড়িটি ঘিরে ফেলেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, "সোর্স আগেই জানিয়েছিল রাজুর কাছে অস্ত্র থাকতে পারে এবং বাধা পেলেই গুলি করবে।" গাড়ির কাছে গেলে চালক আব্দুর রাজ্জাক শিকদার পুলিশকে বলেন, একজন রোগীকে দ্রুত উত্তরার এক হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তার কথায় গুরুত্ব না দিয়ে দুইজনকেই হাতকড়া পরানো হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়্যারলেস সেট, চাপাতি, চাকু, ৮০টি ইয়াবা, ২৪ হাজার জাল টাকা, চারটি ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়। শহিদুল্লাহ বলেন, "সোর্সের দেওয়া তথ্যে জানা গেছে অভিযানের কিছু আগে রাজু চারটি আগ্নেয়াস্ত্র দুই কাঁধে দিয়ে পিঠে ঝোলানো প্যারাসুট কাপড়ের ব্যাগে করে এক ছেলেকে দিয়ে পাচার করে দিয়েছে।" রাজুর কথা সিনিয়র সহকারী কমিশনার শহিদুল্লাহর সঙ্গে কথা বলার সময় দুই হাতে হাতকড়া পরানো অবস্থায় রাজুকে তার কক্ষে আনা হয়। রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো নিরিবিলি জায়গায় তারা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার সময় সুযোগমতো একটি নির্দিষ্ট স্থানে তাদের গাড়ি থামাতেন। এসময় তারা এমন আচরণ করতেন যে আশেপাশের কেউ যেন মনে করে তারা গোয়েন্দা পুলিশের লোক। রাজু বলেন, ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলোর মধ্যে একটিকে তাদের লক্ষ্যবস্তু ধরে ওয়ারলেস সেট দেখিয়ে গাড়িটিকে থামায়। গাড়ির লোকজনকে নিজেদের গোয়েন্দা পুলিশের লোক পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে সবাইকে নামিয়ে দেয়। এরপর তারা সুযোগ বুঝে গাড়িটি নিয়ে দ্রুত চলে যেতেন। দুই বছর আগে গ্রেপ্তার হওয়ার পর প্রায় তিন মাস আগে তিনি জামিনে ছাড়া পান। এরপর তিনি তিনটি গাড়ি ছিনতাই করেন। প্রায় দশ বছর আগে এই পেশার সঙ্গে সে জড়িত হলেও সাগর লিটকে বাদ দিয়ে পাঁচ বছর আগে তিনি মো. আলি, আব্বাস এবং রাজ্জাককে নিয়ে নিজেই একটি দল গঠন করেন। রাজুর দুই সন্তান। গ্রামের বাড়ি বরগুনাতেই থাকে তারা। তার স্ত্রী আত্মীয়স্বজন জানে রাজু ঢাকায় প্রাইভেটকার চালান। সহকারী কমিশনার শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজুর বিরুদ্ধে একাধিক হত্যাসহ প্রায় ৫০টি মামলা রয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরে বালুর মাঠে ট্রিপল মার্ডারেরও আসামি তিনি। তবে রাজু হত্যামামলাগুলোর সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, গাড়ি ছিনতাই বা প্রয়োজনে অস্ত্র ব্যবহার করলেও কাউকে হত্যা করেননি তিনি। পুলিশ কর্মকর্তা জানান, ওই দুইজনকে গ্রেপ্তারের পর মনির হোসেন এবং কবির হোসেন নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই দুইজনের দেওয়া তথ্য অনুযায়ী ফার্মগেট এলাকার নামবিহীন একটি রেন্ট-এ-কারের দোকান থেকে একটি মাইক্রোবাস এবং দুইটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১২৮ ঘ.