২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র সেই শিক্ষকের মুক্তি দাবি

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক আসম ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক আসম ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে চাকরি বিধি লঙ্ঘন করে ফিরোজকে চাকরিতে বহাল রাখার অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকরা। বৃহস্পতিবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ফিরোজসহ ২০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে ফিরোজের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সরকার ও রাজনীতি বিভাগের একদল শিক্ষার্থী তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়াসহ প্রক্টরিয়াল বডির সদস্যসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের আওয়ামীপন্থি শিক্ষকরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অনেকে এ সময় উপস্থিত ছিলেন। পরে রংপুর জেলা কল্যাণ সমিতির ব্যানারে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ সভা করে এবং দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ দেখায়। এদিকে, চাকরি বিধি লঙ্ঘন করে ফিরোজকে চাকরিতে বহাল রাখা হয়েছে- এমন অভিযোগ করে নিয়মানুয়ায়ী ফিরোজের বহিষ্কারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকরা। গ্রেপ্তারকৃত সরকার ও রাজনীতি বিভাগের এই প্রভাষক এক সময় ছাত্রলীগের কর্মী ছিলেন । তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় চাকরি বিধি ১০ (ক) ধারা অনুযায়ী কেউ গ্রেফতার হলে বা তার বিরুদ্ধে বিচার কাজ চলাকালে অবশ্যই তার সাময়িক বহিষ্কার করার আইন থাকলেও দলীয় বিবেচনায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আদালতের লিখিত কাগজপত্র এখনো পাওয়া যায়নি, পাওয়ার পর বিশ্ববিদ্যালয় চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২৩ ঘ.