২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি মানার অনুরোধ নাসিম ওসমানকে

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্য নাসিম ওসমানকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। তিনি সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের বড়ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 05:36 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্য নাসিম ওসমানকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। তিনি সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের বড়ভাই। এছাড়া আচরণবিধি ভঙ্গের অভিযোগে আটজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শনিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নাসিম ওসমানকে অনুরোধ জানানো এবং কর্মকর্তাদের নোটিশ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান জানান, নির্বাচনের আগ পর্যন্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ, উদ্বোধন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্প পরিদর্শন থেকে বিরত থাকার জন্য নারায়ণগঞ্জ-৫ (শহরÑবন্দর) আসনের সংসদ সদস্য নাসিম ওসমানকে লিখিত অনুরোধ জানানো হয়েছে। তার স্বাক্ষরিত পত্রে বলা হয়, কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আপনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রকল্প পরিদর্শনসহ একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ অনুসরণে আপনার সহযোগিতা কামনা করছি এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও সরকারি কর্মকর্তাসহ যেকোনো প্রকল্প পরিদর্শন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এদিকে শুক্রবার নাসিম ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জ ও বন্দরের মধ্যে শীতলক্ষ্যা নদীতে ফেরি সার্ভিস চালুর জন্য নির্ধারিত এলাকা পরিদর্শনে যাওয়ায় বিআইডব্লিউটিএ কর্মকর্তাসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আচরণ বিধিমালার ৬ এর ১৪ বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের চিঠি দেওয়া হয়েছে। নোটিশ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর) মাহবুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদুজ্জামান, পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) এমদাদুল হক, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মজিবুর রহমানও, জেলা পরিষদের সার্ভেয়ার আব্দুল কুদ্দুস ও সহকারী প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান জানান, ৯ অক্টোবরের আগে প্রচারণা চালানো যাবে না। কিন্তু কোনো কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ আসছে। অভিযোগ পেলেই সংশ্লিষ্ট প্রার্থীকে সর্তকীকরণ পত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন, সম্ভাব্য মেয়র প্রার্থী শামীম ওসমানের পক্ষে তার স্ত্রী সালমা ওসমান লিপি ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পক্ষে তার স্ত্রী হালিমা আক্তার প্রচারণা চালাচ্ছেন। এই দু'জন সম্ভাব্য প্রার্থীকে সতর্ক করে পত্র দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬৪ জন ও মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র কিনেছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুধু আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবীবুল্লাহ কাঁচপুরী। কাউন্সিলার পদে ৬৪ জন ও মহিলা কাউন্সিলার পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের চাষাঢ়ায় জিয়া হলে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বা তার পক্ষে ৫ জনের বেশি লোক মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত থাকতে পারবে না। মনোনয়নপত্র যাচাই ও বাছাই হবে ৪ ও ৫ অক্টোবর। প্রত্যাহারের শেষ তারিখ ১২ অক্টোবর। আগামী ৩০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.