২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন একটানা বিদ্যুৎ নেই

একটানা চারদিন বিদ্যুৎ না থাকায় মৌলভীবাজার সদরের একটি ওয়ার্ডের বাসিন্দারা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

মৌলভীবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটানা চারদিন বিদ্যুৎ না থাকায় মৌলভীবাজার সদরের একটি ওয়ার্ডের বাসিন্দারা সড়ক অবরোধ করেছে। শনিবার সন্ধ্যায় এক নম্বর ওয়ার্ডের বাসিন্দরা চৌমহনা চত্বরে আধঘণ্টার এই অবরোধ করে। এতে মৌলভীবাজার থেকে সিলেটের বিয়ানিবাজার, বড়লেখা ও কুলাউড়ার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের বিদ্যুৎ সরবরাহের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টা থেকে আধঘণ্টা সড়ক অবরোধ ছিল। পরে সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ প্রতাহার করা হয়। মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরী সাংবাদিকদের জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ট্রন্সফর্মার পুড়ে যাওয়ায় গত বুধবার থেকে ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ নেই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.