চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে কাস্টমস কার্যালয় খোলা থাকবে।
আগামী ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ ছুটি চলবে বলে জানান সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারক এবং সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
চার দিনের মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। বাকি তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের কাস্টমস কার্যালয় যথারীতি খোলা থাকবে।
৮ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান স্বাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২২ ঘ.
bdnews24