২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং: গাজীপুরে মহাসড়ক অবরোধ

অত্যধিক লোডশেডিং করায় গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

গাজীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অত্যধিক লোডশেডিং করায় গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোগরা এলাকার বাসিন্দারা মহাসড়কে অবস্থান নেয় বলে পুলিশ জানিয়েছে। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে রাত সোয়া ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাজ্জাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোগরা বাইপাস এলাকা ও পাশের কয়েকটি গার্মেন্টেসে কয়েকশ' শ্রমিক বাইপাস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। গাজীপুর সদরের ভোড়া গ্রামের জাকির হোসেন বলেন, প্রতিদিন ১৪ থেকে ১৫ ঘণ্টা করে লোডশেডিং করা হয় এখানে। স্থানীয় গরীব অ্যান্ড গরীব নামের একটি পোশাক কারখানার শ্রমিক আবদুল কাদের বলেন, সারাদিন খাটুনির পর রাতে বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া যায় না। পানি না থাকায় গোসল করতে পারি না। আধাঘণ্টা বা একঘণ্টার জন্য বিদ্যুৎ দিলেও তা একবার গেলে দুই থেকে তিনঘণ্টার আগে আর আসে না। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক খালেদুল ইসলাম বলেন, গাজীপুরের ইস্ট ওয়েস্ট, বোর্ডবাজার ও চেফিডারে ব্রেকার নষ্ট হওয়ায় বিদ্যুৎ সরবরাহ কয়েকঘণ্টা বন্ধ ছিলো। সমিতির ব্যবস্থাপক সৈয়দ অহিদুল ইসলাম বলেন, গাজীপুর সদরে দৈনিক ১২৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাই দিনে ১২-১৩ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০১৭ ঘ.