২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ডাকাতি, গৃহবধূ খুন

পাবনার সাঁথিয়া উপজেলায় শনিবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হন ওই পরিবারের ছয় সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

পাবনা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় শনিবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হন ওই পরিবারের ছয় সদস্য। উপজেলার জোড়গাছা গ্রামে এ ঘটনায় নিহত হয়েছেন গৃহকর্তা সুশীল কুমার সরকারের স্ত্রী ইলা রানী সরকার (৪০)। আহত সুশীল কুমার সরকার (৫০), অনুপ কুমার সরকার (২৬), অলকা রানী সরকার (৪৫), অপু সরকার (১৭) ও রিংকু সরকারকে (২২) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার নাম জানা যায়নি। ডাকাতরা সুশীল কুমার সরকারের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। সাঁথিয়া থানার ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন, গভীর রাতে সুশীল সরকারের বাড়িতে ঢোকে ১৫ থেকে ২০ জন ডাকাত। ঘরে ঢুকে লুটপাট চালানোর সময় সুনীল সরকার ডাকাতদের চিনে ফেললে তারা সুশীলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় স্বামীকে বাঁচাতে দিয়ে ইলারানী মারা যান। বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে ডাকাতরা তাদেরও কুপিয়ে জখম করে। রোববার সকালে পাবনার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৪ ঘ.