২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জহির রায়হানকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি

চলচ্চিত্রকার জহির রায়হানকে শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার জহির রায়হানকে শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা। রোববার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে জহির রায়হানের অন্তর্ধান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মুক্তিযোদ্ধা চলচ্চিকার জহির রায়হান ঢাকার মিরপুরে নিখোঁজ হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। চলচ্চিত্র নির্মাতা মসিহ উদ্দিন শাকের বলেন, "মিরপুরে স্বাধীনতাবিরোধী চক্ররা জহির রায়হানকে হত্যা করে। এজন্য তাকে শহীদের মর্যাদা দিতে হবে। তার অন্তর্ধান দিবস পালন করা যাবে না।" জহির রায়হানের ছেলে অনন রায়হান বলেন, বাবার কাছে বেশ কিছু গোপন নথিপত্র ছিল। এটা জানার পর ২৫ জানুয়ারি থেকে বাসায় অজ্ঞাত ফোন আসতে থাকে। ৩০ জানুয়ারি তিনি মিরপুরে গেলে তাকে হত্যা করা হয়। "এসব গোপন নথি প্রকাশ পেলে জামায়াতের নেতাকর্মীসহ প্রবাসী সরকারের কোনো কোনো মন্ত্রীর অপকর্ম প্রকাশ হতো", বলেন অনন রায়হান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম বলেন, "জহির রায়হান যে প্রতিভা নিয়ে এসেছিলেন তার সম্পূর্ণ রূপ দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তাকে অবশ্যই শহীদের মর্যাদা দিতে হবে।" বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় 'জহির রায়হানের অন্তর্ধান ও সঙ্কটে বাংলাদেশের চলচ্চিত্র' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যাসোসিয়েশনের সদস্য মনিস রফিক। এতে বলা হয়, বিশ্ব পুঁজি বাজারের দৌরাত্ম, মুনাফালোভী চলচ্চিত্র ব্যবসায়ী, সরকারের যথোপযুক্ত নীতির অনুপস্থিতি এবং বিশ্বায়ন ও মননশীল মেধাবী নির্মাতার অভাবে বাংলাদেশের চলচ্চিত্রে সংকট দেখা দিয়েছে। সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন্নাহার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোরশেদুল ইসলাম, সদস্য মানজারে হাসিন মুরাদ ও কবি কাজি রোজি বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৩৩ ঘ.