বান্দরবান, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রোয়াংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই পাহাড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- রাঙামাটির নিতাই চাকমা প্রকাশ ওরফে কমান্ডার কিশোর (২৫) ও রোয়াংছড়ি উপজেলার চঙ্গুলালপাড়ার জিতু তঞ্চঙ্গ্যা (২২)।
শনিবার সন্ধ্যায় চঙ্গুলাল পাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রশীদ জানিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়।
তিনি সাংবাদিকদের বলেন, "দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আজ (রোববার) সকালে তাদের বান্দরবান সদর জোনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।"
তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা, কয়েকটি মোবাইল সেট এবং দেশি ও ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে।
সেনা কর্মকর্তা মাহবুব বলেন, গত এক বছরে রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩১৮ ঘ.
bdnews24