বরিশাল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী ও পাশের উপজেলা উজিরপুরে শুক্রবার রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা পাঁচ জনকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম সাংবদিকদের বলেন, প্রথমে মাহিলাড়া গ্রামের বাসিন্দা ব্র"নাইপ্রবাসী মিলন সরদারের বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ১০/১৫ জন ডাকাত। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ১৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্নালঙ্কার, তিনটি মোবাইল ফোন সেটসহ ৩ লক্ষাধিক টাকাার মালামাল লুট করে।
লুটপাটে বাধা দেওয়ায় ডাকাতের হামলায় মিলনের বাবা সেকেন্দার সরদার (৭০) আহত হন।
এরপর অস্ত্রধারী ডাকাত দল একই গ্রামের আব্দুল হাকিম সরদারের ঘরে হানা দেয়। সেখানে নগদ ২৫ হাজার টাকা, ১ ভরি স্বর্নালঙ্কারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট হয় বলে পুলিশ জানিয়েছে।
ওই বাড়িতে আলেয়া বেগম (৫৬), ছেলে কালাম সরদার (৩২), শাহিন সরদারকে (২২) কুপিয়ে আহত করে ডাকাত দল।
এ দুটি ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
একই রাতে উজিরপুর উপজেলার ষোলক গ্রামে শংকর দাস এর বাসার দরজা ভেঙে এবং প্রতিবেশী শ্যামল দাসের কলাপসিবল গেটের তালা কেটে ঢুকে ডাকাত দল।
তাদের বাধা দেওয়ায় গৃহকর্তা শ্যামল দাসকে (৪০) কুপিয়ে আহত ডাকাতরা। পরে উভয় পরিবার থেকে নগদ ও স্বর্নালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট হয় বলে ক্ষতিগ্রস্তরা পুলিশকে জানিয়েছে।
উজিরপুর থানার ওসি সুকুমার রায় সাংবাদিকদের বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24