২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গৃহবধূ 'খুন'

যৌতুক না দেওয়ায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

টাঙ্গাইল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না দেওয়ায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টায় বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। নিহত রাজিয়া বেগম (২২) উপজেলার পঞ্চাশ গ্রামের মো. আরিফ হোসেনের স্ত্রী। এ ঘটনায় রাজিয়ার বাবা আন্তাজ আলী বাদী হয়ে স্বামী আরিফসহ পাঁচজনকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেছেন। মামলার বরাত দিয়ে গোপালপুর থানার ওসি মো. আবুল খায়ের জানান, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মো. আরিফ হোসেনের সঙ্গে প্রায় দু'বছর আগে সুন্দর (চরপাড়া) গ্রামের রাজিয়ার বিয়ে হয়। ওই সময় যৌতুক হিসেবে ত্রিশ হাজার টাকা দেওয়া হয়। এরপর তার স্বামী আরো যৌতুক চেয়ে না পেলে রাজিয়ার উপর নির্যাতন চালাতে শুরু করে। বৃহস্পতিবার রাতে আবারো রাজিয়াকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। এতে রাজি না হওয়ায় রাত ১০টার পর থেকে স্বামী, শাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। এক পর্যায়ে রাজিয়া মারা যায়। পরে তার লাশ বাড়ির পাশে পুকুর পাড়ে ফেলে রাখে। সকালে গ্রামবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। মামলার তদন্ত কর্মকর্তা গোপালপুর থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, নিহতের কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং গলায় রশির দাগ রয়েছে। এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.