২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র রাখার দায়ে বাগেরহাটে ১৭ বছরের দণ্ড

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে বাগেরহাটে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছেন তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

বাগেরহাট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে বাগেরহাটে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছেন তিনজনকে। বৃহস্পতিবার বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো: আব্দুল কাদের শেখ ওরফে মিলন (২৮) জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাঁতি গ্রামের দেলোয়ার শেখের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টোলনা ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান আকাশ, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খোকন শেখ এবং মোল্লাহাট উপজেলার গাংনি গ্রামের মাসুদ শেখ। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ নভেম্বর একদল যুবক ঘোষগাঁতি গ্রামের ফহম উদ্দিন শিকদারের ছেলে এসকেন্দার শিকদারকে গুলি করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে আব্দুল কাদের শেখকে ধরে পুলিশে দেয়। পরে কাদেরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলের একটি পুকুর থেকে কাটা বন্দুক ও আটটি বন্দুকের গুলি উদ্ধার করে। কাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে জড়িত তার অপর তিন সহযোগীর নাম প্রকাশ করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করে। মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাদশা মিঞা ২০০৩ সালের ২৫ নভেম্বর ওই চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সীতারাণী দেবনাথ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২০০৩ ঘ.