গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আ'ম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে তাবলিগ জামাতের বার্ষিক এ সম্মিলন।
ইজতেমা মাঠে স্থান সঙ্কুলান না হওয়ায় এ বছরই প্রথম দুই পর্বে ইজতেমা হচ্ছে। গত ২১ থেকে ২৩ জানুয়ারি প্রথম পর্ব হয়েছিলো। তাতে ঢাকাসহ ৩৩ জেলার মুসল্লিরা অংশ নেন।
পাঁচ দিন পর শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। বিভিন্ন জেলার মুসল্লিদের পাশাপাশি জুমার নামাজ পড়তেও আশপাশের এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসছেন। ইজতেমার দ্বিতীয় পর্বে ঢাকাসহ ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন।
ইজতেমা মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুতি আগের বারের মতোই আছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান।
ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, জামাতবদ্ধ কয়েক লাখ মুসল্লি মাঠে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন।
এই দফায় পুরো ইজতেমা মাঠকে ৩৫ খিত্তায় (অংশে) ভাগ করা হয়েছে। প্রথম দফায় খিত্তা ছিলো ৪৪টি।
ইজতেমা মাঠের জিম্মাদার আব্দুল কুদ্দস জানান, কোন জেলার মুসুল্লি কোন খিত্তায় থাকবেন তা নির্দিষ্ট রয়েছে।
খিত্তাওয়ারী জেলার অবস্থান হলো- ১-২ নম্বর খিত্তায় ঢাকা জেলা, ৩ নম্বর খিত্তায় কক্সবাজার, ৪ নম্বরে মানিকগঞ্জ, ৫ নম্বরে জামালপুর, ৬ নম্বরে পটুয়াখালী, ৭ নম্বরে পিরোজপুর, ৮ নম্বরে টাঙ্গাইল, ৯ নম্বরে নেত্রকোনা, ১০ নম্বরে বরিশাল, ১১ নম্বরে ঝিনাইদহ, ১২ নম্বরে মেহেরপুর, ১৩-১৪ নম্বর খিত্তায় মুন্সিগঞ্জ, ১৫-১৬ নম্বরে নারায়ণগঞ্জ, ১৭ নম্বর খিত্তায় কুমিল্লা, ১৮ নম্বরে মাগুরা, ১৯ নম্বরে সাতক্ষীরা, ২০ নম্বরে কুড়িগ্রাম, ২১ নম্বরে ব্রাহ্মণবাড়িয়া, ২২ নম্বরে লক্ষ্মীপুর, ২৩ নম্বরে বগুড়া, ২৪ নম্বরে গোপালগঞ্জ, ২৫ নম্বরে মাদারীপুর, ২৬ নম্বরে নোয়াখালী, ২৭ নম্বরে পাবনা, ২৮ নম্বরে ঠাকুরগাঁও, ২৯ নম্বরে নীলফামারী, ৩০ নম্বরে পঞ্চগড়, ৩১ নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, ৩২ নম্বরে নওগাঁ, ৩৩ নম্বরে খুলনা, ৩৪ নম্বরে মৌলভীবাজার ও ৩৫ নম্বর খিত্তায় সুনামগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১১১ ঘ.
bdnews24