খুলনা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশের নাগরিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তিনি বলেন, "আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে অমিলের চেয়ে মিলই বেশি। এ বিষয়টি নিরূপণের জন্য সাধারণ জনগণের পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও মতবিনিময় এবং পরস্পর থেকে শেখার সুযোগ সৃষ্টি করার কোনো বিকল্প নেই।"
বুধবার খুলনা নগরীর আলিয়া মাদ্রাসায় এক মতবিনিময় অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেন।
তিনি বলেন, "দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট বারাক ওবামা পরিস্কার করেছেন যে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।
"এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জনগণ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের কাছাকাছি আনতে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের কর্মসূচিকে সহায়তা করছে।"
মরিয়ার্টি বলেন, শতকরা ৮০ ভাগেরও বেশি আমেরিকান মনে করে ধর্ম অত্যন্ত জরুরি বিষয় অথবা তাদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়।
খেলাধূলা, পড়াশোনা ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে এদেশের মানুষের সঙ্গে আমেরিকানদের মিলের বিষয়টি তুলে ধরে বলেন, আমি বিশ্বাস করি এটা খুবই জরুরি যে ধর্ম অনেক তরুণ আমেরকিানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মতবিনিময় অনুষ্ঠানে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সালেহ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত খুলনা বিশ্বদ্যিালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকদের ভাষা শিক্ষা বিষয়ক এক কর্মশালায় যোগ দেন। এরপর তিনি নগরীর নিরালা এলাকায় শিশুদের হাতধোয়া কর্মসূচিতে অংশ নেন।
সোমবার থেকে খুলনায় শুরু হওয়া আমেরিকান সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24