ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও জামালপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ
রাজশাহী: রাজশাহীতে বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে নগরীর মতিহার থানাধীন চৌদ্দপাই এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মতিহার থানার দালালপাড়ার আব্দুল আওয়াল (৩৩), সমসাদিপুরের নুকু মিয়া (৩০) ও বাঘার মিড়কামারির কামাল হোসেন (৩০)। হতাহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী।
দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী থেকে নাটোরগামী সুমি এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মহাসড়কে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আওয়াল ও নুকু মিয়া মারা যান।
তিনি বলেন, পরে আহতদের আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল হোসেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মাহবুব।
জামালপুর: জামালপুরে ট্রাকের চাকায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সকাল ৮টার দিকে জেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিফাজুর রহমান বাবু (১১) ইসলামপুর নেকজাহান স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মনোয়ার হোসেন।
ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুল্লাহ মন্ডল দুল্লু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ি থেকে হেটে স্কুলে যাবার সময় পলাবন্ধা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাবুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫১ ঘ.
bdnews24