২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি লোকের বিরুদ্ধে মামলা 'কিছু ক্ষেত্রে' অনুমতি পেতে হবে দুদককে

দায়িত্ব পালনকালে 'ব্যক্তিগত স্বার্থে' অনিয়ম বা দুর্নীতি করা এবং ঘুষ নেওয়ার মতো অপরাধের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অনুসন্ধান, তদন্ত বা মামলা করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব পালনকালে 'ব্যক্তিগত স্বার্থে' অনিয়ম বা দুর্নীতি করা এবং ঘুষ নেওয়ার মতো অপরাধের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অনুসন্ধান, তদন্ত বা মামলা করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না। তবে 'ভুল-ত্র"টির' কারণে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তদন্ত বা মামলা করার আগে সরকারের অনুমোদন নিতে হবে দুদককে । 'দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১০' এর খসড়ার একটি বিধির ব্যাখ্যা দিতে গিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান। সকালে ১০টি সংশোধনীসহ এ খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক বিশেষ দূত লুইস সিডিবাকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "দুদককে শক্তিশালী ও কার্যকর করতেই আইনের এ সংশোধনী আনা হচ্ছে। আগের আইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ছাড়া মামলা করার নিয়ম ছিল না। এবার সে সুযোগ রাখা হয়েছে।" দুদককে আগের মতোই রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, "এখনও কমিশনকে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিতে হয়। নতুন আইনেও এ বিধান রাখা হয়েছে।" এছাড়া আইনটি পাস হলে অভিযোগের অনুসন্ধান বা তদন্তের প্রয়োজনে দুদক সরকারি বা স্বায়ত্ত্বশাসিত সংস্থার কর্মকর্তাদের সহযোগিতা নিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রিপরিষদে অনুমোদিত খসড়ায় বলা হয়েছে- কোনো তদন্ত কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদলি করা হবে। শফিক আহমেদ জানান, বিদ্যমান আইনে তদন্ত শেষ করার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া থাকলেও ব্যর্থতার জন্য তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো বিধান ছিল না। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ১০টি সংশোধনীসহ দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইন-২০১০ এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। ২০০৯ সালের ৪ মে এ সংশোধনীগুলো জমা দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন নিয়ে কমিশনের মধ্যে অসন্তোষ রয়েছে। আইন সংশোধনে সরকারি উদ্যোগের মধ্যেই কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান গত বছর বলেছিলেন, "দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে। দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১২৬ ঘ.