ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দফা দাবিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের একাংশের 'গণঅনশন' কর্মসূচি আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার বিকালে ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মজিদ ফটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর অনশন কর্মসূচি স্থগিত করা হয়।
তিনি জানান, মহাজোট সরকারের পক্ষ থেকে সাংসদ রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু রোববার বিকাল ৪টার দিকে তাদের সঙ্গে সাক্ষৎ করে দাবি পূরণের আশ্বাস দেন। শিগগিরই সংসদে ও সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান ওই দুই সাংসদ।
এর আগে রোববার সকালে ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মজিদ ফটো বলেন, "প্রতিশ্র"তি না পাওয়া পর্যন্ত অনশন চলবে। সরকার উপজেলা চেয়ারম্যানদের লাশ দেখে খুশি হলে হবে। দাবি আদায়ে আমরা লাশ হতে প্রস্তুত আছি।"
'জেগে ওঠো জনতা, বুঝে নাও ক্ষমতা' এ স্লোগানকে সামনে রেখে শনিবার থেকে রাজধানীর মুক্তাঙ্গনে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনের দুই বছর পূর্তিতে দেশের বিভিন্ন উপজেলার চার শতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সংসদ সদস্যকে উপজেলা পরিষদের উপদেষ্টা করার বিধান বাতিলসহ ১০ দফা দাবি পূরণে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
গত অক্টোবরে ঐক্য পরিষদ এসব দাবি পূরণের জন্য সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। ওই সময় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নিয়ে ১৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সাত বিভাগে সভা-সমাবেশও করে তারা।
ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতীয় বাজেটের ৭০ শতাংশ স্থানীয় সরকারের অনুকূলে বরাদ্দ, সংসদে স্থানীয় সরকারের জন্য পৃথক বাজেট ঘোষণা, পরিষদের সব কর্মকর্তা-কর্মচারীর বার্ষিক গোপন প্রতিবেদন লেখার দায়িত্ব পরিষদের চেয়ারম্যানকে দেওয়া, সব দাপ্তরিক ফাইল ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে চেয়ারম্যানের কাছে পাঠানো।
উপজেলা পরিষদ আইনের ধারা অনুযায়ী, ১০টি মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর পরিষদের অনুকূলে হস্তারন্তরের লক্ষ্যে জারি করা ত্র"টিপূর্ণ প্রজ্ঞাপনও সংশোধনের দাবি রয়েছে ঐক্য পরিষদ।
এছাড়া পরিষদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্ব-স্ব স্তরের জন্য পঞ্চবার্ষিক ও বার্ষিক পরিকল্পনা তৈরির সুযোগ, জেলা পরিষদ পুনর্গঠন, স্থানীয় সরকার কমিশন গঠন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য একীভূত আইন তৈরির দাবি জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/পিডি/১৯১০ ঘ.
bdnews24