ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে উঠতে না দেওয়ায় রাজধানীর বনানী এলাকায় গাড়ি ভাংচুর করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।
শনিবার দুপুর ১টার দিকে বনানীর কাকলীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ছাত্রদের ইটের আঘাতে মতিঝিল এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সুমন (২৮) আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসে উঠতে না দেওয়ায় গাজীপুরগামী একটি বাসের হেলপারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ঝগড়া হয়। এক পর্যায়ে বাসের লোকজন ওই দ্ইু ছাত্রকে মারধর করে।
"এ খবর জানতে পেরে আশপাশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র রাস্তায় নেমে পাঁচ-ছয়টি গাড়ি ভাংচুর শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের তিন কর্মচারীকে আটক করলে ছাত্ররা শান্ত হয়।"
ওই সময় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/আরএ/১৮৪৯ ঘ.
bdnews24