২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ছবি মেলার পর্দা উঠলো

বিশ্বব্যাপী অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে দৃক আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব 'ছবি মেলা-৬' ঢাকায় শুরু হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে দৃক আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব 'ছবি মেলা-৬' ঢাকায় শুরু হয়েছে শুক্রবার। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছয় মহাদেশের ছয় প্রতিনিধি মোমবাতি জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। এবার উৎসবের প্রতিপাদ্য- 'স্বপ্ন'। ৩১ টি দেশের অংশগ্রহণে ১৪ দিন ধরে চলবে এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বিশ্বব্যাপী সন্ত্রাস-অন্যায়-অবিচার প্রতিহত করে শান্তিপূর্ণ বিশ্ব গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে উৎসব পরিচালক শহিদুল আলম বলেন, "পৃথিবীর অনেক স্থানে মানুষ নির্যাতিত হচ্ছে। আমাদের দেশেও মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ সব প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" অনুষ্ঠানে ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক ওমর বারঘোতির পাঠানো 'ড্রীম ফ্রম প্যালেস্টাইন' বার্তা পাঠ করা হয়। বার্তায় বারঘোতি বলেন, "আমরা ফিলিস্তিনিরা প্রতিদিন খবরের কাগজ খুলেই খুনের ছবি ও সংবাদ দেখতে পাই। আমরা আমাদের এই সংঘাতময় অবস্থা থেকে মুক্তির স্বপ্ন দেখি।" এ সময় ছয় মহাদেশের ছয় প্রতিনিধিও বক্তব্য রাখেন। তারা হলেন- ল্যাটিন আমেরিকার নাদিয়া বারাম, উত্তর আমেরিকার রবার্ট প্লেজ, ইউরোপের লরেন্স লেবনাক, আফ্রিকার মারিও ম্যাকিলাউ, এশিয়ার ডেভিড ডি সুজা ও অস্ট্রেলিয়ার কেলি হুসে স্মিথ। আলোকচিত্র ও সমাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিন আলোকচিত্র শিল্পীকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তারা হলেন- নাইজেরিয়ার জে ডি ওখাই ওজেইকেরে, মেক্সিকোর পেদ্রো মেয়ার এবং বাংলাদেশের নাইব উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। ছবি মেলার এবারের আয়োজনে থাকছে ২৯ টি প্রিন্ট প্রদর্শনী, রিক্সা ভ্যানে ১০ টি ভ্রাম্যমান প্রদর্শনী, ৩৩ টি ডিজিটাল প্রদর্শনী, দু'টি চলচ্চিত্র এবং একটি নাটক। এছাড়া রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশুলি ড. লুই মোরেনো-ওকাম্পোর সঙ্গে ভিডিও কনফারেন্স, নয়টি কর্মশালা এবং একটি পোর্টফোলিও মূল্যায়ন। উদ্বোধনী দিন থেকে ৩ ফেব্র"য়ারি পর্যন্ত নগরীর আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এশিয়াটিক গ্যালারি অব ফাইন আর্টস, ব্রিটিশ কাউন্সিল, দৃক গ্যালারি, গ্যোটে ইন্সটিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় প্রায় ৪০০ আলোকচিত্র প্রদর্শিত হবে। উৎসবে অংশগ্রহণকারী দেশগুলো হলো- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ক্যাম্বোডিয়া, চিলি, ফ্রান্স, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, মোজাম্বিক, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপিন্স, পুয়ের্তো রিকো, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, টোগো, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ষষ্ঠ ছবি মেলার মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চ্যানেল আই, রেডিও টুডে, দি ইন্ডিপেন্ডেন্ট এবং দৈনিক সমকাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১০ ঘ.