গাজীপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কাছে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমা।
শুক্রবার ফজরের নামাজের পর আ'ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের ইজতেমা। দেশি ও বিদেশি ওলামাদের বয়ান চলে প্রায় সারাদিন।
এবার দুই দফা ইজতেমা হবে। প্রথম দফা শেষ হবে রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
মোনাজাতের আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বীরা পর্যায়ক্রমে আখলাক. ঈমান ও আমলের উপর বয়ান পেশ করবেন।
দ্বিতীয় দফা ইজতেমা শুরু হবে আগামী ২৮ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩০ জানুয়ারি শেষ হবে বিশ্ব তাবলিগ জামায়াতের এই বিশাল সম্মেলন।
প্রথম দফায় ৩৩ জেলার মুসুল্লিদের জন্য ইজতেমা মাঠে ৪৪টি খিত্তা করা হয়েছে। নির্ধারিত খিত্তায় অবস্থান করবেন এসব জেলার মুসুল্লিরা।
ইতোমধ্যে শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা মাঠে এসে উপস্থিত হয়েছেন।
শুক্রবার হওয়ায় জু'মার নামাজে অংশ নিতে ভোর থেকেই রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ টঙ্গীর আশপাশের মানুষ ইজতেমাস্থলে সমবেত হন।
জু'মার নামাজ শুরুর আগ পর্যন্ত মুসুল্লিদের ইজতেমা ময়দানমুখী স্্েরাত অব্যাহত ছিলো।
ইজতেমায় আসার পথে একজন এবং ইজতেমা মাঠে অপর এক মুসু্িল্ল মারা যান।
বিদেশি মুসুল্লি
ইজতেমার প্রথম দিন মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, ব্র"নাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, মোজাম্বিক, নাইজেরিয়া, পানামা, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, বেলজিয়াম, ক্যামারুন, চীন, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালি, কেনিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজিরিয়া, ইথিওপিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, বাহরাইন, ইরিত্রিয়া, জর্দান, মৌরিতানিয়া, ভারত, সুদান, দুবাইসহ ৯৫টি দেশের ৯ হাজার মুসল্লি অংশ নিয়েছেন।
তাদের জন্য তিনটি আলাদা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার রাখা হয়েছে। এ বছর মিসর থেকে সর্বোচ্চ সংখ্যক প্রায় ১১শ' এবং ওমান থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৮শ' মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন বলে এক জিম্মাদার জানিয়েছেন।
প্রথম দিনের বয়ান
বয়ানে তাবলিগ মুরুব্বীরা বলেন, আল্লাহ সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে যে একবার আসবে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। কারণ তিনি কুরআনে বলে দিয়েছেন, পৃথিবীতে যত কিছু আছে তার সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তার স্বত্ত্বা চিরস্থায়ী, যার কোন শুরু নেই আর শেষও নেই।
আল্লাহ তার বান্দা উদ্দেশে বলছেন, তুমি এ সব কিছু থেকে ফিরে এসে আমার দিকে আসো, আমাকে পেতে চেষ্টা করো, তুমি যদি আমাকে পেয়ে যাও তা হলে মনে করবে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। আর যদি তুমি আমাকে হারিয়ে ফেলো তাহলে মনে রেখো তুমি পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছো।
ফজরের পর বয়ান করেন, পাকিস্তানের মাওলানা ওয়াহাব ও বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। জু'মার পর ভারতের মাওলানা জামসেদ ও আহম্মদ লাট, আসরের নামাজের পর ভারতের মাওলানা জোবায়েরুল হাসান ও বাংলাদেশের হাফেজ জোবায়ের বয়ান করেন।
বয়ানের সঙ্গে তাৎক্ষণিকভাবে অনুবাদ করে বিভিন্ন ভাষার মুসুল্লিদের শোনানো হয়।
বৃহত্তম জু'মার জামায়াত
দুপুর দেড়টায় নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের।
দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান ছড়িয়ে পড়ে মানুষ। মুসুল্লিরা রাজপথ ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জু'মার নামাজে শরিক হন।
জু'মার নামাজে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রমুখ।
এর আগে সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইজতেমাস্থলের কাছে কয়েকটি ফ্রি-মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন।
দুই মুসুল্লির মৃত্যু
ইজতেমার জিম্মাদার আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান রাজধানীর কে এম দাস লেনের বাসিন্দা শফিকুর রহমান (৪৫)। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হৃদরোগে মারা যান সিরাজগঞ্জের আব্দুর রহমান (৫০)। সকালে জানাযা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী হাসপাতালে চিকিৎসা
টঙ্গী হাসপাতালে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১১৬ জন মুসুল্লি চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ১৬ জনকে ঢাকায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরো ২৭ জন টঙ্গী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক মো. মামুন-উর- রশিদ।
এছাড়া ইজতেমাস্থলের আশপাশের ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে কয়েক হাজার মুসুল্লি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পকেটমার/ ছিনতাইকারী গ্রেপ্তার
শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত টঙ্গী থানা পুলিশ ইজতেমাস্থল ও আশপাশের এলাকা থেকে ১৭ জন পকেটমার ও চোরকে আটক করেছে।
ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ইজতেমাস্থল ও আশপাশের খাবারের দোকান ও হোটেলে নয়টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ভেজাল খাবার বিক্রির অভিযোগে বিভিন্ন খাবারের দোকান ও হোটেল মালিকদের ৩০টি মামলায় এক লাখ ৪৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যামা চিং।
ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি
শনিবার তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বীরা বয়ান করবেন। এর ফাঁকে ফাঁকে নতুন নতুন জামাত গঠনের কাজও করবেন। এছাড়া আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।
শেষ দিনের কর্মসূচি
রোববার ফজরের পর আখেরি মোনাজাত মঞ্চ থেকে হেদায়েতি বয়ান শুরু হবে। চলবে মোনাজাতের আগ পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24