২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হক হত্যা: এক যুবক গেপ্তার

ঢাকার আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। তার নাম দুলাল (৩২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। তার নাম দুলাল (৩২)। মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুরের বড়দীয়া গ্রাম থেকে দুলালকে গেপ্তার করে। শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দুলাল ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছে। দুলাল জানায়, ওই দিন কালু নামের এক যুুবক বোম মারার জন্য তাকে নিয়ে আসে। দুটি মোটর সাইকেলে করে সেসহ ছ'জন যুবক আগারগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যায়। এরপর তার হাতে পিস্তল তুলে দেয় কালু। দুলাল ওই পিস্তল দিয়ে দুটি গুলি করে বলে স্বীকার করেছে। তবে গুলি ফজলুল হকের শরীরে বিদ্ধ হয়েছে কিনা এ বিষয়ে সে নিশ্চিত নয়। ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হত্যার পর এ ছয়জন মোটর সাইকেলে করে প্রথমে মিরপুর ১১ নম্বর এবং সেকান থেকে সাভারের হেমাপুরে চলে যায়। ওই হত্যাকাণ্ডের বিনিময়ে তাদের কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছে জানতে চাইলে দুলাল জানায়, তার সঙ্গে এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি। গ্রেপ্তারকৃত যুবক সাংবাদিকদের আরো জানিয়েছে, লিটন নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ী এ হত্যাকাণ্ডের হোতা। কালু, রনি, শামিম, সেলিম ও রঞ্জু এ ঘটনায় জড়িত ছিল। ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, আগারগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মাহবুবুর রহমান, জনসংযোগ শাখার অতিরিক্ত পুলিশ উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ সুলাইমান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক গত ১৪ জানুয়ারি দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়। এ ঘটনার পর শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ আহমেদকে বরখাস্ত করা হয়, বদলি করা হয় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারকে। পরদিন ১৫ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী নীলা হক অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯২২ ঘ.