ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপূর্ব ছুটিতে থাকা জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুফি হোসেন জুলফিকার রহমানকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই নিয়োগের আদেশ জারি করে।
এছাড়া প্রশাসনের তিনজন উপ সচিবের পদায়নের আদেশ হয়েছে এ দিন। তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন।
সুফি হোসেন জুলফিকার রহমানকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশে বলা হয়, এই নিয়োগ তার কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
আর পদায়ন হওয়া উপসচিবদের মধ্যে মোহাম্মদ আবদুল মান্নানকে ভূমি মন্ত্রণালয়ে, ড. সৈয়দ আবু আসাদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং আবদুল কাইয়ুম সরকারকে সংস্থাপন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
আরেকটি আদেশে অবসরপূর্ব ছুটিতে থাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুককে দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগ আগামী ২২ জানুয়ারি অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২৩১৪ ঘ.
bdnews24