শেরপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর পৌরসভা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী বিএনপি সমর্থিত আব্দুর রাজ্জাক আশীষ।
তিনি চারটি কেন্দ্রের ভোট আবার গণনা ও ভোট গ্রহণের দাবি জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে রাজ্জাক এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, কসবা মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলফালাহ ইসলামী বিদ্যাপিঠ ও কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র তার এজেন্টদের বের করে দেয় সরকারি দল সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির রোমানের কর্মীরা।
এরপর তারা জোর করে হুমায়ুন কবিরের আনারস প্রতীকে সিল মারে।
এছাড়া নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নিরব ভূমিকাসহ বিভিন্ন অভিযোগ করেন দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করা রাজ্জাক।
সংবাদ সম্মেলনে শেরপুর বিএনপি'র সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম কালাম, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জাসদ সমর্থিত চশমা প্রতীক প্রার্থী নূর মোহাম্মদসহ জেলা ও শহর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মেয়র নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত হুমায়ুন কবির রোমান অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24