ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- অবৈধ সম্পদ অর্জন ও আয়কর ফাঁকির দুটি মামলায় আত্মসমর্পণের পর সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রী নাসিমা হককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জেসমিন আনোয়ার তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তিনি আয়কর ফাঁকির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে দেয়।
অবৈধ সম্পদ অর্জনের অন্য মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাত নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মনির হোসেন পাটোয়ারী।
আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী মোশারফ হোসেন কাজল কারাগারে পাঠানোর এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
একই সঙ্গে সুস্থ হওয়া না হওয়া পর্যন্ত নাসিমাকে রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে আদালত।
আয়কর ফাঁকির মামলার রায়ে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর নাসিমা হকের ৬ বছরের কারাদণ্ড ও ২ কোটি টাকা জরিমানা হয়েছিলো।
এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালের ২৯ জুলাই তিন বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করে আদালত।
মামলার পর থেকেই নাসিমা হক পলাতক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/১৯৫৯ ঘ.
bdnews24