ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের অপচয় রোধে রাজধানীতে প্রি-পেইড মিটার চালু করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রি-পেইড গ্যাস মিটার উৎপাদন কার্যক্রম উদ্বোধনের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ কথা জানান।
তিনি বলেন, "পাইলট প্রকল্প হিসেবে প্রথমে মোহাম্মদপুর ও লালমাটিয়ায় এ মিটার চালু করা হবে।"
অনুষ্ঠানে জানানো হয়, বুয়েটের আইআইসিটির তত্ত্বাবধানে পাঁচ হাজার প্রি-পেইড গ্যাস মিটার উৎপাদন করা হচ্ছে। এসব মিটার বসানোর ব্যয় বহন করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকিনোলজির (আইআইসিটি) পরিচালক ড. এস এম লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর, বুয়েটের উপ-উপাচার্য ড. মো. হাবিবুর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ খান ও ডেসকোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মনজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জেকে/২০০০ ঘ.
bdnews24