ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বৈত কর পরিহারে সোমবার আবুধাবিতে চুক্তি করেছে বাংলাদেশ ও আরব আমিরাত। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুই নেতা তেলসমৃদ্ধ আরব আমিরাতে বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং বাংলাদেশে আমিরাতের বিনিয়োগের বিষয়সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে জাহাজ নির্মাণ, গ্যাস উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদনসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমিরাত সরকার ও সে দেশের বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মতো বৃহদাকার অবকাঠামো নির্মাণ প্রকল্পে আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার মেশিন পাঠযোগ্য পাসপোর্ট প্রবর্তনসহ শ্রমিকদের আমদানিকারক দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
শেখ হাসিনা আমিরাতের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা বিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আল নাহিয়ানের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করেন।
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল কাউনাইন এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৪ ঘ.
bdnews24