ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ের আট কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে নতুন পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের সোমবার এসব রদবদলের আদেশ জারি করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে নিয়োগের আদেশ পাওয়া উপসচিব বিল্লাল হোসেনকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগের আদেশটি বাতিল করা হয়েছে।
নতুন পদায়ন পাওয়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবদের মধ্যে মাহবুবুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ও সিরাজুল ইসলামকে খাদ্য বিভাগে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব সৈয়দ আলী রেজাকে বিশেষজ্ঞ সমীক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনে ও ইকবাল মাহমুদকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) সংযুক্ত করা হয়েছে।
ওএসডি উপসচিব ফারুক আহমেদকে 'সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড এক্সেস এনহ্যান্সমেন্ট' প্রকল্পের উপ-পরিচালক, এমএম তরিকুল ইসলামকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক এবং একেএম হাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮০০ ঘ.
bdnews24