সুনামগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সুনামগঞ্জের তিন পৌরসভা থেকে ৯৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।
সোমবার দুপুরে সুনামগঞ্জ, দিরাই ও জগন্নাথপুর পৌরসভায় ভ্রাম্যমান আদালত মোটরসাইকেলগুলো আটক করে এবং এর চালকদের জরিমানা করে।
সুনামগঞ্জের চারটি পৌরসভায় মঙ্গলবার ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ রাখতে হবে।
সুনামগঞ্জ সহকারী রিটার্নিং উত্তম কুমার রায় জানান, সুনামগঞ্জের চারটি পৌরসভার নির্বাচনী প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার ভোট গ্রহণ হবে। এ সময় তারা আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন প্রার্থীর পক্ষে মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছিলেন।
সদর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমান আদালত ৫৫টি মোটরসাইকেল আটক করে। আটককৃত মোটরসাইকেলগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি সালেহ উদ্দিন জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২২টি মোটর সাইকেল আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দিরাই থানার ওসি আবু জাফর মোহাম্মদ সাহেল জানান, দিরাই পৌরসভা থেকে ২২টি মোটর সাইকেল আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৮ ঘ.
bdnews24