২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে আহত ৭

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পিটুনীতে টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সাত কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

টাঙ্গাইল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পিটুনীতে টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সাত কর্মী আহত হয়েছেন। শনিবার গভীর রাতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রাথী আনছার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। রোববার সাকলে এলাকার লোকজন এর প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। পরে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস থেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এসে অভিযুক্ত মেজর পদবীর এক কর্মকর্তাকে প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার বিচার দাবিতে আনছার আলীর নির্বাচনী এজেন্ট এবিএম নুরুল আলম প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নুরুল আলম অভিযোগে বলেন, রাত ২টার দিকে আনছার আলীর বাড়িতে সেনা সদস্যরা ঢুকে মুকুল চন্দ্র পাল, মাসুদ আলী, জোয়াদ আলী, উজ্জ্বল হোসেন ও মঙ্গল সুত্রধর নামে পাঁচ কর্মী এবং কালিহাতী কলেজ মোড়ে মোশারফ ও তার ছেলে মামুনকে প্রচণ্ড মারধর করে। মারধরে আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ইউএনও মামুন উল হাসান বলেন, ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী ও আওয়ামী লীগ নেতারা বৈঠক করেন। "পরে নির্বাচনী আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মেজর নিছারকে প্রত্যাহার করে মেজর কবিরকে দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.