চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
রোববার দুপুরে সাতকানিয়ার জনতা ব্যাংক চত্বরে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, "পরাজয় নিশ্চিত জেনে সরকার নির্বাচনী ফলাফল ছিনতাইয়ের ষড়যন্ত্র করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখানে সেনা মোতায়েন জরুরি।"
মেয়র প্রার্থী হাজি মাহমুদুর রহমানের সমর্থনে সাতকানিয়া উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
জয় ছিনিয়ে নিতে নির্বাচনী পোলিং এজেন্ট ও নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
৮ জানুয়ারি সাতকানিয়াসহ চট্টগ্রাম জেলার নয়টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন রাউজান, রাঙ্গুনিয়া ও সন্দীপ পৌরসভায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
সাতকানিয়া উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, পৌরসভার মেয়র প্রার্থী হাজী মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল মাওলা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/এইচএ/২০৪২ ঘ.
bdnews24