ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা সংক্রান্ত বিষয়ে পত্রিকায় মন্তব্য করায় কামরাঙ্গির চর থানার ওসি শফিকুর রহমানকে সোমবার আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন পত্রিকায় ওসির মন্তব্যের বিষয়টি আদালতের বিবেচনায় নেওয়ার আবেদন জানান। আদালত এই আবেদন আমলে নিয়ে ওসিকে হাজির হওয়ার আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শফিকুর রহমান গত বৃহস্পতিবার ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টার-এ নেয়ামুলের অঙ্গহানির বিষয়ে বিকৃত মন্তব্য করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১৬০৩ ঘ.
bdnews24