২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশাসে নিহত ৭ জনের দাফন সম্পন্ন

মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনের লাশ ব্রাহ্মণবাড়িয়ায় নিজ-নিজ গ্রামে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনের লাশ ব্রাহ্মণবাড়িয়ায় নিজ-নিজ গ্রামে দাফন করা হয়েছে। শনিবার ভোরে নিহতদের স্বজনেরা ঢাকা থেকে তাদের লাশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে। পরে যার যার গ্রামে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সাংবাদিকরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে সাত জনেরই লাশের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ওই সাতজন হলেন- সোলাবাড়িয়া গ্রামের সাকাইতি ইউনিয়নের আলি আবজালের ছেলে আকতার, কসবার সৈয়দাবাদ গ্রামের ইউসুফের ছেলে আল মামুন ও আব্দুল হাকিমের ছেলে মোস্তাফিজুর রহমান, মুকুন্দপুরের গোয়ালনগর গ্রামের তাহের মিয়ার ছেলে জয় হোসেন, আশুগঞ্জের বাহাদুরাপুরের দুর্গাপুর গ্রামের আলী আফজালের ছেলে রকিবুল হাসান, আখাউড়ার গঙ্গাসাগরের নিলাখাদ গ্রামের রশিদ মিয়া রহমানের ছেলে মোহাম্মদ সাইদুর ও কসবার চান্দহারের চকচন্দ্রপুর গ্রামের জাজু মিয়ার ছেলে সাগর। গত বুধবার সঁত জুলিয়েঁ দ্য অতমাঁ অঞ্চলে মালবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ওই সাতজনসহ কুমিল্লার আরো তিনজন নিহত হন। দুর্ঘটনায় মরিশাসের নাগরিক মিনিবাসের চালকও নিহত হয়। শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে বাংলাদেশি ১০ জনের লাশ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। মরিশাস সরকার নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। নিহতদের স্বজনরা জানান, কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে লাশ দাফন করার জন্য ৩৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। সৈয়দাবাদ গ্রামের নিহত মোস্তাফিজুরের চাচা আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের তরফ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে আরো দুই লাখ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।" পরিবারের অভাব মেটাতে বেশি আয়ের আশায় গত ২৮ ডিসেম্বর মরিশাস যায় ব্রাহ্মণবাড়িয়ার ওই সাত যুবক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২০১৫ ঘ.