২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের জন্য ডাচ-বাংলা ব্যাংকের কম্বল

দেশের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ডাচ-বাংলা ব্যাংক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ৩০ হাজার কম্বল দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ডাচ-বাংলা ব্যাংক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে ৩০ হাজার কম্বল দিয়েছে। মন্ত্রণালয়ের অধীন সংস্থা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এ শীতেই সারাদেশে এসব কম্বল বিতরণ করবে। ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সরকারি বাসভবনে এই কম্বল মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। ব্যাংকের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এম আসলাম আলম, অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমনি, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির এ সময় উপস্থিত ছিলেন। কম্বল গ্রহণ করে আব্দুর রাজ্জাক বলেন, "চলতি বছর শীত শুরু হওয়ার আগেই মন্ত্রণালয় থেকে এক লাখ ৬৪ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আরো ২২ হাজার কম্বল দেওয়া হয়েছে।" "ডাচ-বাংলা ব্যাংকের কাছ থেকে পাওয়া এ কম্বলগুলো বিতরণের মাধ্যমে আরো ৩০ হাজার লোককে তীব্র শীতের কষ্ট থেকে রক্ষা করা সম্ভব হবে", মন্ত্রী বলেন। শীতার্তদের রক্ষায় এগিয়ে আসার জন্য তিনি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/কেএমএস/১৯৪৯ ঘ.