ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা খুনের পর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। এর আগে শেরেবাংলা নগর থানার ওসিকে বরখাস্ত করা হয়।
পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলী মিয়াকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দক্ষিণ) বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (পশ্চিম) সেলিম মো. জাহাঙ্গীর।
এছাড়া পেট্রল পরিদর্শক (শেরে বাংলা নগর) স্বরোজ কুমার রায়কে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দক্ষিণ) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পরিদর্শক হাফিজ মাহমুদ।
ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ফজলুল মারা গেছেন।
পরে ময়না তদন্তের জন্য ফজলুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সাহারা খাতুন শেরেবাংলা নগর থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানান।
ওই থানায় ওসির দায়িত্বে ছিলেন রিয়াজ আহমেদ। বরখাস্ত অন্যজন হলেন উপপরিদর্শক মো. কামরুজ্জামান।
থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউজ্জামান।
৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ গত ৮ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এর এক সপ্তাহের মাথায় সন্ত্রাসী হামলায় নিহত হলেন সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/এএল/এইচএ/২২২৭ ঘ.
bdnews24