ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশের বিরুদ্ধে রিভিশন (পুনঃনিরীক্ষণ) আবেদন গ্রহণ করেছে আদালত।
একই সঙ্গে রিভিশন আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ স্থগিত চেয়ে দাখিল করা আবেদনটি উভয়পক্ষের উপস্থিতিতে শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন নির্ধারণ হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার জেলা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন বাদল এ দিন নির্ধারণ করেন।
নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশের বিরুদ্ধে বুধবার রিভিশন আবেদন করে নির্বাচনে বিজয়ী সবুজ-আবদাল প্যানেল।
এই প্যানেলের পক্ষের আইনজীবী ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। অবশ্য সেদিন শুক্রবার হওয়ার আদালত বন্ধ থাকবে।"
গত ১০ জানুয়ারি প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ দেয় আদালত। সেইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১৭ সদস্যের কমিটির ১৩টি পদে বিএনপি সমর্থক বলে পরিচিত সবুজ-আবদাল প্যানেল জয়ী হয়।
অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত সারওয়ার-সাইফুল প্যানেল চারটি সদস্য পদে জয়ী হয়।
নির্বাচনে ভোটার তালিকায় সাংবাদিক নন এমন ভোটার ও অনিয়মের অভিযোগ এনে সারওয়ার-সাইফুল প্যানেল ফল প্রত্যাখান করে।
পরে ৫ জানুয়ারি নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে মামলা করেন পরাজিত প্যানেলের সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম।
শুনানি শেষে বিচারক দায়িত্ব হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে বিবাদীদের কার্যক্রমে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না এর কারণ দর্শানোর আদেশ দেন।
পরদিন ১৩ বিবাদির আটজন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি জানান এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজের আবেদন করেন। একই সময় বাদীপক্ষ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন।
দুই আবেদনের ওপর শুনানি শেষে রোববার অধিকতর শুনানি হওয়ার কথা থাকলেও বিবাদি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া উপস্থিত না থাকায় শুনানি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/২৩১৯ ঘ.
bdnews24