ঢাকা, জানুয়ারি ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার কথা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জানিয়েছে ভুটান। বৃহস্পতিবার তাকে এ কথা জানান ভুটানের সফররত প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে।
বৃহস্পতিবার রাতে হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্ট স্যুটে ভুটানের প্রধানমন্ত্রীল বৈঠক হয়।
বৈঠকের পর সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "ভুটান বাংলাদেশ থেকে তিন হাজারের মতো ডাক্তার নিয়োগ দেবে বলে বিরোধীদলীয় নেতাকে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।"
বিকেল ৬টা ৫৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতে দক্ষীণ এশীয় সহযোগিতা ফোরাম-সার্ক-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় জিগমে থিনলেকে অভিনন্দন জানান খালেদা।
শমসের মবিন বলেন, "ভুটানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সার্ক আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা। বাংলাদেশ সফরে আসার জন্য খালেদা জিয়া ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও স্বাগত জানান।"
জবাবে ভূটানের প্রধানমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সার্ক গঠন এবং খালেদা জিয়ার নেতৃত্বে দুই দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্কের অগ্রতিতে খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে শমসের জানান, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বিষয়ে কোনো আলোচনা হয়নি।
গত সোমবার পাঁচ দিনের সফরে বাংলাদেশের এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী।
বৈঠকের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৪ ঘ.
bdnews24