২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কেন্দ্রে ভোট বাতিল হলেও নির্বাচন সুষ্ঠু: ইসি

অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট বাতিল হলেও রাজশাহী ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভায় নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিলো জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপি বলছে, নির্বাচন 'মোটামুটি' শান্তিপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট বাতিল হলেও রাজশাহী ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভায় নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিলো জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপি বলছে, নির্বাচন 'মোটামুটি' শান্তিপূর্ণ। দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে গণনাও শুরু হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমরা হ্যাপি (সন্তুষ্ট)।" তবে কয়েকটি স্থানে গোলযোগের বিষয়টি স্বীকার করে তিনি জানান, ভোলার বোরহানউদ্দিনের একটি এবং বরিশালের মেহেন্দীগঞ্জের অন্য একটি কেন্দ্রে ভোট বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বোরহানউদ্দিন পৌরসভার কুতবা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে সিলমারা ১০০টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনরত তিন কর্মকর্তাকে। মেহেদীগঞ্জের চর হোগলা কওমী মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপারের মুড়িবই ছিনতাই হওয়ায় সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে। মেহেন্দীগঞ্জে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জন করেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়া পল্টনে দলীয় কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান। একই অভিযোগ তুলে বরিশালের গৌরনদীতেও বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জন করেন। ইসি সন্তুষ্টি প্রকাশ করলেও বিএনপি অভিযোগ করেছে, কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। এসব স্থানে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। নজরুল বলেন, "বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে না। এটা দুঃসংবাদ। গতকাল রাজশাহী ও রংপুরে জনগণের রায় সরকারের পক্ষে যায়নি বলে আজ (বৃহস্পতিবার) তাদের দলীয় ক্যাডাররা ভোট কারচুপিতে নেমেছে।" তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকালে সংবাদ সম্মেলনে নজরুল বলেন, "তিনটি স্থান ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কিছু কেন্দ্রে সরকারি দলের ক্যাডাররা আমাদের এজেন্ট বের করে দিয়েছে।" খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ১০ লাখ ৬ হাজার ৩৫৭ ভোটার রয়েছে। নির্বাচন কমিশনার সাখাওয়াত আশা করছেন, আগের দিনের মতো খুলনা-বরিশালেও ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ আড়াই শতাধিক পৌরসভার মধ্যে বুধবার রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোট হয়। এতে বেসরকারি ফলাফলে বেশিরভাগ পৌরসভায় প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। রাজশাহী ও খুলনার পর আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানের ১৪টি পৌরসভায় নির্বাচন হবে। খুলনা-বরিশালে পৌরসভার প্রার্থী ২৫৬৫ খুলনা ও বরিশাল বিভাগে ৪৯টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি পদে খুলনা বিভাগে ৩০টি নির্বাচনযোগ্য পৌরসভায় ১ হাজার ৬২৯ জন এবং বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় ৯৩৬ জন। খুলনায় ৩০ পৌরসভায় মেয়র ছাড়াও সাধারণ ওয়ার্ডে ২৭০টি কাউন্সিলর ও ৯০টি সংরক্ষিত আসনের কাউন্সিলর রয়েছে। এ বিভাগে মেয়র পদে ১৪০ জন, সংরক্ষিত আসনে ৩৬৪ জন এবং ১১২৫ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় মেয়র পদ ছাড়া সাধারণ ১৭১ ও সংরক্ষিত ৫৭টি কাউন্সিলর পদ রয়েছে। এ বিভাগে মেয়র পদে ৮৪ জন, সংরক্ষিত ২০৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে সব পৌরসভায় ভোট হলো খুলনা বিভাগ- মেহেরপুর, গাংনী, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর, খোকসা, যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, সাতক্ষীরা, কলারোয়া, পাইকগাছা, চালনা, বাগেরহাট, মংলাপোর্ট, মোড়েলগঞ্জ, নড়াইল ও কালিয়া। বরিশাল বিভাগ- ভোলা, লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন, পটুয়াখালী, কলাপাড়া, নলছিটি, পিরোজপুর, মঠবাড়ীয়া, স্বরূপকাঠি, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৭১৫ ঘ.